পিরোজপুরের নাজিরপুরে এক মানসিক প্রতিবন্ধী নারীকে (২২) ধর্ষণচেষ্টার অভিযোগে রুবেল ঢালী (২৬) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে দক্ষিণ বন্দরের হাইস্কুল সংলগ্ন মিষ্টির দোকান থেকে পুলিশ অভিযুক্ত রুবেলকে আটক করে।
আটককৃত রুবেল মিষ্টি ব্যবসায়ী কালা চাঁদ ঢালীর পুত্র। নাজিরপুর থানার ওসি (তদন্ত) মো. জাকারিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নাজিরপুরের ছিরামকাঠী বন্দরের নৈশপ্রহরী মনোজ হালদার বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে বন্দরের স্কুল সংলগ্ন অনুপের মুদি দোকানের চৌকিতে এক মানসিক প্রতিবন্ধী ঘুমাচ্ছিলেন। এ সময় স্থানীয় মিষ্টি ব্যবসায়ী কালাচাঁদ ঢালীর ছেলে রুবেল তাকে ধর্ষণের চেষ্টা চালায়। তখন পাহারাদার হান্নান শেখ এগিয়ে গেলে রুবেল ঢালী দৌড়ে পালিয়ে যায়। এর আধ ঘণ্টা পরে রুবেল আবারও তাকে ধর্ষণের চেষ্টা চালায়।
ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান সবুজ বলেন, ‘বাজারের পাহারার দায়িত্বে থাকা হান্নান শেখ ও মনোজ হাওলাদার রাতেই আমাকে বিষয়টি জানিয়েছেন।’
নাজিরপুর থানার ওসি (তদন্ত) মো. জাকারিয়া হোসেন জানান, খবর পেয়ে রুবেল ঢালীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।








