সাতক্ষীরায় পেঁয়াজের ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এক হাজার ৪৫০ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ এপ্রিল) সকালে তালা উপজেলার নওয়াপাড়া ধলবাড়িয়া থেকে ট্রাকসহ এই পেঁয়াজ ও ফেনসিডিল আটক করা হয়।
আটককৃতরা হলেন– ট্রাক ড্রাইভার কালীগঞ্জ উপজেলার চালিতাবাড়িয়া গ্রামের কাউসার খাঁর পুত্র রেজাউল করিম বাবু ও হেলপার সাতক্ষীরা শহরের ইটাগাছা গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে শফিকুল ইসলাম।
তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির বাংল ট্রিবিউনকে জানান, ভোমরা থেকে পেঁয়াজভর্তি একটি ট্রাক (সাতক্ষীরা ট ১১-০১০১) ঢাকার উদ্দেশে যাচ্ছিলো। ওই ট্রাকে বিপুল পরিমাণ ফেনসিডিল আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তালা উপজেলার ধলবাড়িয়া এলাকায় তল্লাশি শুরু করে। এ সময় সাড়ে এক হাজার ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ফেনসিডিলগুলো ট্রাকে বিশেষ কায়দায় লুকানো ছিল।








