ফেনীতে মাদ্রাসাছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার হওয়া চার আসামিকে পাঁচ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। মঙ্গলবার (৯ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফত উদ্দিনের আদালতে পুলিশ রিমান্ড চাইলে আদালত এই আদেশ দেন। অন্যদিকে ওই ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অপর মামলায় কারাগারে থাকা ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদৌল্লাহসহ তিন আসামির রিমান্ড শুনানি বুধবার (১০ এপ্রিল) একই আদালতে অনুষ্ঠিত হবে।
মামলায় রিমান্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন– নুর হোসেন, কেফায়েত উল্লাহ, আলাউদ্দিন ও শহীদুল ইসলাম। তাদেরকে আদালতে হাজির করে পুলিশ প্রত্যেককে সাত দিন করে রিমান্ড চায়।
অপরদিকে ওই মাদ্রাসাছাএীকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় কারাগারে থাকা ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদৌল্লাহ, ইংরেজি বিভাগের শিক্ষক আফছার হোসেন, নাইট পিয়ন কাম দফতরি নুরুল আমীনসহ তিন আসামির রিমান্ড শুনানি বুধবার একই আদালতে অনুষ্ঠিত হবে।
ওই ছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনার তিন দিন পর মঙ্গলবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে ভিকটিমের বড় ভাই মাহমুদুল হাসান সোনাগাজী মডেল থানায় মামলা করেন। মামলার এজাহারে বোরকা পরা মুখোশধারী চারজন এবং তাদের সহযোগীদের আসামি হিসাবে উল্লেখ করা হয়েছে। পরে মঙ্গলবার সকালে মামলার এজাহার সংশোধন করে মাদ্রাসার অধ্যক্ষকে প্রধান আসামি করে আট জনের নাম উল্লেখ করা হয়।
আগুনে গুরুতর দগ্ধ ছাত্রীটি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। সোমবার সকাল থেকে তিনি লাইফ সাপোর্টে আছেন।
প্রসঙ্গত, শনিবার (৬ এপ্রিল) সকাল ৯টার দিকে আলিম পর্যায়ের আরবি প্রথম পত্রের পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যায় ওই ছাত্রী। এরপর কৌশলে তাকে পাশের ভবনের ছাদে ডেকে নেওয়া হয়। সেখানে থাকা চার-পাঁচজন বোরকা পরিহিত ব্যক্তি ওই ছাত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। পরে ওই ছাত্রীকে উদ্ধার করে স্বজনরা প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসকরা তাকে ফেনী সদর হাসপাতালে পাঠান। সেখান প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
আরও পড়ুন:
দগ্ধ মাদ্রাসাছাত্রীকে সিঙ্গাপুরে পাঠানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ফিডব্যাক এলে দগ্ধ মাদ্রাসাছাত্রীকে সিঙ্গাপুর পাঠানো হবে: স্বাস্থ্যমন্ত্রী
মাদ্রাসাছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় মামলা দায়ের
লাইফ সাপোর্টে ফেনীর মাদ্রাসাছাত্রী
ফেনীর সেই মাদ্রাসাছাত্রী শঙ্কামুক্ত নয়
ফেনীর সেই মাদ্রাসাছাত্রীর চিকিৎসায় ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড
মাদ্রাসাছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ প্রধানমন্ত্রীর
আমি এই ঘটনার বিচার চাই: সেই মাদ্রাসাছাত্রীর বাবা
মাদ্রাসাছাত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা: ‘অগ্নিসংযোগকারীদের পরনে ছিল বোরকা, হাতমোজা ও কালো চশমা’
পরীক্ষার হল থেকে ডেকে নিয়ে মাদ্রাসাছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ








