নারায়ণগঞ্জের রূপগঞ্জে চিকিৎসা নিতে আসা এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে লাল চাঁন বাবু (৫১) নামে এক কবিরাজকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (৮ এপ্রিল) রাত ২টার দিকে গাজীপুরের কালীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে র্যাব-১ এর সিপিসি-৩ এর পূবার্চল ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি সুজয় সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি সকালে এক গৃহবধূ তার খালাতো ভাই ও ভাবীর সঙ্গে চিকিৎসার জন্য রূপগঞ্জের সদর ইউনিয়নের কেয়ারীয়া এলাকার কবিরাজ লাল চাঁন বাবুর বাড়িতে যান। কবিরাজ চিকিৎসা বাবদ চল্লিশ হাজার টাকা দাবি করলে বিশ হাজার টাকায় রফা হয় এবং গৃহবধূকে তার বাড়িতে রেখে যেতে বলে। এ সময় কবিরাজ কৌশলে গৃহবধূকে ঘরের ভেতর রেখে খালাতো ভাইয়ের স্ত্রীকে ঘর থেকে বের করে দেয়। এ সময় নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে গৃহবধূকে অচেতন করে কবিরাজ ধর্ষণ করে। এ ঘটনায় ১৩ ফেব্রুয়ারি গৃহবধূর খালাতো ভাই ধর্ষণের অভিযোগ এনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সোমবার রাত ২টার দিকে র্যাব-১-এর একটি দল গাজীপুরের কালীগঞ্জ থানাধীন বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মগাঁও এলাকা থেকে ধর্ষক লাল চাঁন বাবু কবিরাজকে গ্রেফতার করে।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কবিরাজ চিকিৎসার কথা বলে ধর্ষণের কথা স্বীকার করেছে। কবিরাজকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।







