কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী লেগুনাতে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় নাসির উদ্দিন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় শিশুসহ আহত হয়েছেন আরও ৫ জন। চকরিয়া চিরিংগা হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) মো. সাইদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলীর নতুন রাস্তার মাথা নামক এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
জানা যায়, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
চকরিয়া চিরিংগা হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, ‘শনিবার দুপুরের দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী শ্যামলী পরিবহনের একটি বাস সড়কের পাশে দাঁড়ানো যাত্রীবাহী ম্যাজিক (লেগুনা) গাড়িতে ধাক্কা দেয়। এসময় গাড়িতে থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় নাসির উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন কর্তৃব্যরত চিকিৎসক।’
এই ঘটানায় গুরুতর আহত দুই ব্যক্তিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার শিকার গাড়ি দুটি জব্দ করা হয় এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।








