আগামী ১৫ এপ্রিলের মধ্যে শ্রমিক নির্যাতন বন্ধসহ ১১ দফা দাবি বাস্তবায়ন না হলে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য নৌ ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। শনিবার (১৩ এপ্রিল) বেলা ১২টায় বরিশাল নদীবন্দরে এই দাবিতে বিক্ষোভ মিছিল করে নৌযান শ্রমিক ফেডারেশন। পরে নৌযান শ্রমিক ফেডারশনের সভাপতি শেখ আবুল হাশেম মাস্টারের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে শেখ আবুল হাশেম বলেন, ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর ১১ দফা দাবিতে দেশব্যাপী নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি ঘোষণা করা হয়েছিল। এরপর সরকার ও মালিক পক্ষ কয়েকটি সভা করে দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলে কর্মসূচি স্থগিত করা হয়। কিন্তু গত ৬ মাসে ওই দাবি বাস্তবায়ন করা হয়নি। এই দাবি আদায়ে আগামী ১৫ এপ্রিল রাত ১২টা ১ মিনিট পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করার ঘোষণা দেন তিনি।
নৌযান শ্রমিক ফেডারশনের দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, শ্রমিক নির্যাতন বন্ধ ও সন্ত্রাসীদের গ্রেফতার, নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত, জাহাজে কর্মরত নৌ শ্রমিকদের মালিক কর্তৃক বিনামূলে খাবারের ব্যবস্থা, কর্মস্থলে দুর্ঘটনায় মৃত শ্রমিকদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ, সমুদ্র ও রাত্রীকালীন ভাতা নির্ধারণ প্রভৃতি।








