প্রতিবারের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চৈত্র সংক্রান্তি পালন করা হয়েছে রাজশাহীতে। শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় সূর্য অস্ত যাওয়ার পর নগরীর কুমারপাড়া-ঘোষপাড়া মোড়ে চৈত্র সংক্রান্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
রাজশাহী সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই বটতলায় গান গেয়ে চৈত্র সংক্রান্তির উদ্বোধন করেন পঞ্চম সঙ্গীত স্কুলের শিল্পীরা। এই আয়োজনের মধ্য দিয়ে পুরাতন বছর ১৪২৫-কে বিদায় জানিয়ে নতুন বছর ১৪২৬-কে স্বাগত জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলিপ কুমার ঘোষ, রাজশাহী থিয়েটারের সাধারণ সম্পাদক কামারুল্লাহ সরকার, আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক শরিফ আহম্মেদ শরিফ, পঞ্চম সাংস্কৃতিক পরিষদের পরিচালক সৌমিত্র ব্যানার্জিসহ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা।








