দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ এপ্রিল) ভোরে হিলির ডাঙ্গাপাড়া বাজার ও নওপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলো, হিলির ডাঙ্গাপাড়া বাজার এলাকার বিরাজ উদ্দিনের ছেলে শাহজালাল হোসেন (৩২), দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ইসলামপুর গ্রামের মৃত সালাউদ্দিন সরকারের ছেলে কামাল হোসেন (৩৯)।
ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ একটি টহল দল শনিবার ভোরে হিলি সীমান্তের ডাঙ্গাপাড়া বাজার ও নওপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় ডাঙ্গাপাড়া বাজার এলাকা থেকে ২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহাজালাল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়াও নওপাড়া এলাকা থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ কামাল হোসেন নামের অপর মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।








