চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে পুলিশের সঙ্গে জেলেদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকাগুলি ছোড়ে। শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পুলিশ কনস্টেবল মোশারফ হোসেন নিখোঁজ রয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টায় হাইমচর থানার ওসি শেখ মহসীন আলম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, কোস্টগার্ড, নৌপুলিশ, জেলা পুলিশ সদস্যরা নদীতে অভিযানে আছে। নিখোঁজ পুলিশ সদস্যের খোঁজ চলছে।
হাইমচর থানার ওসি শেখ মহসীন আলম জানান, ‘হাইমচরের চরকোড়ালিয়ায় রাতে ট্রলারে করে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে পুলিশ অভিযান চালায়। হাইমচর কলেজঘাট এলাকায় মেঘনা নদীর পাড়ে পুলিশ দেখে জাটকা ধরতে থাকা অসাধু জেলেরা হামলা চালায়।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলেও কনস্টেবল মোশারফ নিখোঁজ হয়। ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ, কোস্টগার্ড নদীতে খোঁজ করলেও এখনও মোশারফকে উদ্ধার করা সম্ভব হয়নি।’








