নিখোঁজের দুই দিন পর বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের রেল লাইনের পাশের ডোবা থেকে আরমান হোসেন (৩০) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাশ ফুলে যাওয়ায় আঘাতের কোনও চিহ্ন বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্বজনরা জানান, আরমান হোসেন সান্তাহারের কোমলা দোগাছি গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি পোলট্রি খামার ব্যবসা করতেন।
বাবা সিদ্দিক জানান, ২৫ এপ্রিল সকালে আরমান তার খামারে কাজ করছিলেন। মোবাইলে ফোন এলে তিনি সকাল ৯টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সবস্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি। পরদিন আরমানের ভাই মকসুদুল আলম বিদ্যুত আদমদীঘি থানায় জিডি করেন।
পরিবারের সদস্যদের ধারনা, কেউ তাকে ডেকে নিয়ে হত্যার পর লাশ ডোবায় ফেলে দিয়েছে।








