মাদারীপুরের হাউসদীতে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে আবু সাঈদ ফরাজী (৫৮) নামে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (১ মে) দুপুরে নিজের খামারে কিছু সময় কাজ করার পর বাজারের পাশের খালে গোসল করতে নামার পর হিটস্ট্রোকে আক্রান্ত হন তিনি।
জানা যায়, প্রচণ্ড গরমের কারণে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে পানি থেকে আর উঠতে পারেননি তিনি। পরে পরিবারের লোকজন খালের পাশে তার লুঙ্গি ও স্যান্ডেল দেখে খোঁজ করে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাউসদী বাজারের ওষুধ ব্যবসায়ী এহসান আজগর বাংলা ট্রিবিউনকে জানান, আবু সাঈদ ফরাজী সাঁতার জানতেন। প্রচণ্ড গরমের কারণে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে পানিতে ডুবে যান তিনি। আবু সাঈদ ফরাজী বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি মাদারীপুরের হাউসদী বাজার শাখার দফতর সম্পাদক ছিলেন।
মাদারীপুর আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক এআর সান্টু জানিয়েছেন, গত কয়েকদিন ধরে মাদারীপুরের ওপর দিতে তাপদাহ বইছে। গত এক সপ্তাহের গড় তাপমাত্রা ৩৬ ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ৫৫ শতাংশের বেশি হওয়ায় ৪০ ডিগ্রির বেশি অনুভূত হচ্ছে।








