ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে নৌযান চলাচল বন্ধ থাকায় বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছিল ভেদুরিয়ার শতাধিক পরীক্ষার্থীর। তবে জেলা প্রশাসকের উদ্যোগে শুক্রবার (৩ মে) পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছেন তারা।
জানা গেছে, বৃহস্পতিবার (২ মে) বিকেলে প্রায় ৫০-৬০ জন বিসিএস পরীক্ষার্থী ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিককে জানান, নৌ যোগাযোগ বন্ধ থাকায় তারা বরিশাল যেয়ে পরীক্ষায় অংশ নিতে পারছেন না। তখন জেলা প্রশাসক ভোলার ভেদুরিয়া ফেরিঘাট থেকে ফেরিতে তাদের বরিশাল লাহার হাট ঘাটে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।
অন্যদিকে শুক্রবার (৩ মে) সকালেও বিশেষ অনুমতি নিয়ে আরও বেশ কয়েকজন পরীক্ষার্থী ট্রলার ও স্পিডবোটে করে বরিশাল পৌঁছে পরীক্ষায় অংশ নেন।
এ বিষয়ে জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক বলেন, ‘বিশেষ উপায়ে শতাধিক পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তারা আটকে পড়েছিল। তবে বিশেষ উপায়ে তাদের নদী পারের ব্যবস্থা করা হয়।’







