ভোলার চরফ্যাশন উপজেলার দুর্গম চর পাতিলার বিভিন্ন জায়গায় আটকে থাকা শতাধিক নারী ও শিশুকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়েছে। তাদের উদ্ধার করে স্পিডবোট যোগে নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
শুক্রবার (৩ মে) দুপুরে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন ও দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম তালুকদার জানতে পারেন চর পাতিলায় কিছু লোক ছোট খাল অতিক্রম করে বৈরী আবহাওয়ায় স্থানীয় আশ্রয়কেন্দ্রে আসতে পারছে না। এরপর চর মানিকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিউল্লাহ হাওলাদার কোস্টগার্ড চরমানিকা আউট পোস্ট কমান্ডার মো. রজব আলী ও তার সঙ্গীরা চর পাতিলার বিভিন্ন এলাকায় গিয়ে পানিতে আটকে থাকা শতাধিক নারী ও শিশুকে কোস্টগার্ডের স্পিডবোট যোগে আশ্রয়ণ কেন্দ্রে পৌঁছে দেন।
এদিকে ভোলায় শুক্রবার বিকাল থেকে কোথাও হালকা আবার কোথাও মাঝারি আবার কোথাও টিপ টিপ বৃষ্টি হচ্ছে। বিকালের পর থেকে মানুষজন নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছে।








