পাবনা শহর দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী ইছামতি নদী উদ্ধার, অবৈধ দখলদার উচ্ছেদ ও পানি প্রবাহের দাবিতে কাফনের কাপড় পরে অব্যাহত বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন করেছেন নানা শ্রেণি-পেশার মানুষ। এ সময় বক্তারা ইছামতি নদীকে বাঁচাতে দ্রুত তাদের দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
শনিবার (৪ মে) বেলা ১১টায় জাতীয় নদী কমিশনের চেয়ারম্যান ড. মজিবুর রহমান হাওলাদারের পাবনায় আগমন উপলক্ষে পাবনার ‘ইছামতি নদী রক্ষা আন্দোলন’ এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন শেষে ইছামতি নদী রক্ষা আন্দোলনের সভাপতি এসএম মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০১৬ সাল থেকে এই নদীর অবৈধ দখলদার উচ্ছেদ ও পানিপ্রবাহের ব্যবস্থা করার দাবিতে এ পর্যন্ত প্রায় ৪২টি মানববন্ধন করেছি। এছাড়া বিভিন্ন সময় লিফলেট বিতরণসহ বিভিন্ন জায়গায় ব্যানার-ফেস্টুন লাগিয়েছি। আমাদের এই আন্দোলনের সঙ্গে পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স সহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা একাত্মতা প্রকাশ করেছেন। ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ড তাদের জরিপ কাজ শেষ করেছে। প্রায় এক হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদনের জন্য সরকারের কাছে আবেদন পাঠিয়েছে। আমরা আশা করি, এই প্রকল্প অনুমোদন হলে দ্রুতই ইছামতি নদীর দখলদার উচ্ছেদ ও পানি প্রবাহ হয়ে আগের রূপ ফিরে পাবে। এই কাজ যাতে দ্রুত বাস্তবায়ন হয় সেজন্যই আমরা কাফনের কাপড় জড়িয়ে মানববন্ধন করছি।’
মানববন্ধন চলাকালে ইছামতি নদী উদ্ধার, অবৈধ দখলদার উচ্ছেদ ও নদীতে পানিপ্রবাহের দাবি জানিয়ে বক্তব্য দেন– কৃষিবিদ জাফর সাদেক, পাবনা কলেজের সাবেক অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, ইছামতি নদী রক্ষা আন্দোলনের সভাপতি এসএম মাহবুবুর রহমান ও সম্পাদক হাবিবুর রহমানসহ আরও অনেকে।
শহরের প্রাণকেন্দ্র আবদুল হামিদ রোডের খেয়াঘাট ইছামতি নদীপাড় এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশ নেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রেজাউল রহিম লাল।
মানববন্ধনে কবি, লেখক, সাংবাদিক, রাজনীতিবিদ, সাংস্কৃতিককর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।








