নীলফামারীর জলঢাকায় মামলা সংক্রান্ত জটিলতায় স্থগিত হয়ে যাওয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। রবিবার (৫ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট চলবে।
গত ১০ মার্চ প্রথম ধাপের নির্বাচন হওয়ার কথা ছিল। সে মোতাবেক চেয়ারম্যানপদে আওয়ামী লীগের প্রার্থী আনছার আলী মিন্টু (নৌকা প্রতীকে) ও সতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াহেদ বাহাদুর (চিংড়ী মাছ) প্রতীকে মনোনয়ন পত্র দাখিল করেন। যাচাই বাচাইয়ে বাহাদুরের মনোনয়পত্র বাতিল হয়। এরপর প্রার্থীতা ফিরে ফেতে রিটানিং কর্মকর্তার কাছে আপিল করলে, তিনি ওই আদেশ বহাল রাখেন। পরে উচ্চ আদালতের রায়ে তার প্রার্থীতা ফিরে পেলে প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন।
এদিকে, আনছার আলী মিন্টু উচ্চ আদালতে আপিল করলে আদালত ছয় সপ্তাহের জন্য উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট স্থগিত করেন। তবে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে নির্ধারিত দিনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
সবশেষে ২২ এপ্রিল উচ্চ আদালত মিন্টুর আবেদন বাতিল করে নির্বাচন কমিশনকে ভোট গ্রহনের নির্দেশ দেন। আদালতের নির্দেশে রবিবার (৫ মে) ভোট গ্রহনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেন জেলা রিটানিং কর্মকর্তা।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুর করিম বলেন, মামলা সংক্রান্ত জটিলতার পর আগামীকাল রবিবার (৫ মে) জলঢাকা উপজেলা চেয়ারম্যান পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। অবাধ, নিরপেক্ষ ও একটি সুন্দর নির্বাচনের জন্য সকল প্রকার প্রস্ততি সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, উপজেলায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোটার সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ১৬৭ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ১৬ হাজার ৭৩৩ জন ও পুরুষ ভোটার এক লাখ ১৯ হাজার ৪৩৪ জন। এতে মোট ভোট কেন্দ্র রয়েছে ৮৯ টি।








