বরিশালের আগৈলঝাড়া উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ মামলায় অপহরণকারী যুবক বাপ্পি বাড়ৈকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের দণ্ডাদেশ দেওয়া হয়েছে বাপ্পি বাড়ৈকে। আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এই রায় দেন।
রবিবার (৫ মে) বিকালে আসামির অনুপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
অপহরণকারী বাপ্পি ওই উপজেলার মরাআন্দী গ্রামের অবনী বাড়ৈয়ের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, ২০০৭ সালের ১৫ মার্চ বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে অপহরণ করে বাপ্পি। এরপর তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার জন্য কমলাপুর রেল স্টেশনে নেওয়া হলে ওই ছাত্রী পালিয়ে সিলেটগামী রেলে ওঠে। সেখানে তার বাবা চাকরি করতেন। সে বাবার কাছে গিয়ে এক মাস অবস্থান করে বাড়ি ফিরে আসে।
এ ঘটনায় ২০ মার্চ মুক্তির মা বাদী হয়ে বাপ্পি ও তার ভাই উজ্জ্বলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) আকতার উদ্দিন খান তদন্ত শেষে উজ্জ্বলকে অব্যাহতি দিয়ে বাপ্পিকে অভিযুক্ত করে একই বছরের ৬ মে আদালতে চার্জশিট দেন।








