কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে গড় পাসের হার ৮৭.১৬ শতাংশ। এ বছর বোর্ডের ১ লাখ ৯৩ হাজার ২৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৬৮ হাজার ৪৮০ জন। গত বছরের তুলনায় এবার বেড়েছে পাসের হার ও জিপিএ-৫। মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য এই তিন বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৭৬৪ জন।
গতবারের তুলনায় এবার জিপিএ-৫ বেড়েছে ২হাজার ৯৯জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান সোমবার কুমিল্লা শিক্ষাবোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, এ বছর বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ। এ বিভাগে ৫৫ হাজার ৬৯৮ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৫৪ হাজার ৩৪০ জন। মানবিক বিভাগে পাসের হার ৭৬ .৬৫ শতাংশ। এ বিভাগে ৬০ হাজার ৫১৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৪৬ হাজার ৩৮৯ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। এ বিভাগে ৭৭ হাজার ৮১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৭ হাজার ৭৫১ জন।
বোর্ডের ফলাফলে এবার ছেলেরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাসের হার ৮৮.৪৮ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৮৬ দশমিক ১৬ শতাংশ। এ বছর ১ হাজার ৭১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৩২টি প্রতিষ্ঠানে শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে এবং কোনও প্রতিষ্ঠানে পাসের হার শূন্য নেই। গত বছর শতভাগ পাস হয়েছে এমন শিক্ষা প্রতিষ্ঠান ছিল ৭৪। গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে ৭.৭৬ শতাংশ এবং জিপিএ-৫ বেড়েছে ১ হাজার ৮৯৯ জন।
জিপিএ-৫ ও পাশের হারে সন্তোষ প্রকাশ করে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান বলেন, ‘বিগত বছরগুলোয় যে সব বিষয়ে পরীক্ষার্থীরা খারাপ ফলাফল করতো সেইগুলো চিহ্নিত করে ভালো ফলাফলের জন্য আমরা স্থানীয়ভাবে ওয়ার্কশপের মাধ্যমে যে সুপারিশগুলো পেয়েছি তা বাস্তবায়ন করায় এবার আমাদের ফলাফল ভালো হয়েছে।’








