দিনাজপুরের পার্বতীপুর উপজেলা সোনাপুকুর গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে এই ঘটনা ঘটে। এ নিয়ে একদিনেই দিনাজপুরের পৃথক দুটি উপজেলায় পুকুরের পানিতে পড়ে চার শিশুর মৃত্যু হলো।
পার্বতীপুরে নিহতরা হলো- উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের ব্রমতর সোনাপুকুর গ্রামের রবিউল ইসলামের ছেলে সাব্বির (৫) ও মোকসেদুল ইসলামের ছেলে হানিফুল্লাহ (৫)।
এলাকার বাসিন্দা ও জ্ঞানাঙ্কুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মহসীন আলী জানান, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় সাব্বির ও হানিফুল্লাহ। পরে পুকুরে ডুবে নিখোঁজ হলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে পুকুর থেকে মৃত অবস্থায় তাদের উদ্ধার করে।
পার্বতীপুর থানার ওসি মোখলেসুর রহমান জানান, এ ব্যাপারে থানায় কোন অভিযোগ পড়েনি।
এর আগে দুপুর ২টার দিকে জেলার বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের ভাবকী গ্রামে পুকুরের পানিতে পড়ে দুই বছর বয়সী দুই যমজ ভাইয়ের মৃত্যু হয়েছে।







