বকেয়া মজুরির প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা মিলগুলোতে উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করছেন। পাশাপাশি তারা মঙ্গলবার (৭ মে) রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করবেন। প্রথম রমজানে তারা এ অবরোধ শেষ করবেন ইফতারের মধ্য দিয়ে।
রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক প্লাটিনাম জুট মিলের সিবিএ সভাপতি খলিলুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সোমবার (৬ মে) দুপুরের বৈঠকে গৃহীত কর্মসূচিতে রয়েছে মঙ্গলবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পাটকল শ্রমিকরা রাজপথ-রেলপথ অবরোধ করবে। ইফতার করেই অবরোধ শেষ হবে। আর বুধবার সকাল ১১টায় ঢাকায় শ্রমিক নেতাদের বৈঠকে পরবর্তী কর্মসূচি গৃহীত হবে।’
পাটকল শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক ও ক্রিসেন্ট জুট মিল ইউনিটের সভাপতি মুরাদ হোসেন বলেন, ‘মঙ্গলবার খুলনার খালিশপুর ও দিঘলিয়া শিল্পাঞ্চলের পাঁচটি পাটকলের শ্রমিকরা নতুন রাস্তা মোড়, আটরা শিল্পাঞ্চলের দুটি পাটকলের শ্রমিকরা আলিম জুট মিলের সামনে এবং নওয়াপাড়া শিল্পাঞ্চলের দুটি মিলের শ্রমিকরা রাজঘাটে অবরোধ কর্মসূচি পালন করবেন। তারা অবরোধ চলাকালে রাজপথেই আসর ও মাগরিবের নামাজ আদায় করবেন।’
উল্লেখ্য, জাতীয় মজুরি কমিশন-২০১৫-এর রোয়েদাদ; পাটক্রয়ের অর্থ বরাদ্দ; বদলি শ্রমিক স্থায়ীকরণ; অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের সব বকেয়া পরিশোধ; শ্রমিকদের প্রতি সপ্তাহে মজুরি পরিশোধসহ বকেয়া মজুরি প্রদান; খালিশপুর ও দৌলতপুর জুট মিলের শ্রমিকদের বিজেএমসির অন্যান্য মিলের মতো সব সুযোগ-সুবিধা প্রদানসহ ৯ দফা বাস্তবায়নের দাবিতে গত কয়েক বছর ধরে আন্দোলন করে আসছেন পাটকল শ্রমিকরা। সর্বশেষ গত ২, ৩ ও ৪ এপ্রিল দেশের সব পাটকলে একযোগে ৭২ ঘণ্টা ধর্মঘট এবং ৪ ঘণ্টা করে রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। শ্রমিকদের ধর্মঘট ও অবরোধের কারণে মিলসহ শিল্পাঞ্চল খুলনা প্রায় অচল হয়ে পড়ে। ৯ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকেন পাটকলের শ্রমিকরা।








