বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী আজ ২৫ বৈশাখ, (৮ মে) বুধবার। এ উপলক্ষে কবিগুরুর স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ কুঠিবাড়ীতে ৮, ৯ ও ১০ মে তিন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চার দিনব্যাপী রবীন্দ্র মেলার আয়োজন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইতোমধ্যে উৎসবের প্রস্তুতি শেষ হয়েছে। প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এ কে এম জহিরুল ইসলাম বলেন, এখানে আমাদের তিন থেকে চার স্তরের নিরাপত্তা থাকবে। নিরাপত্তার জন্য সিসিটিভিসহ সব ধরনের ব্যবস্থা রেখেছি। কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন জানান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ৮, ৯ ও ১০ মে কবির স্মৃতিবিজরিত শিলাইদহ কুঠিবাড়িতে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
উইকিপিডিয়া সূত্রে জানা যায়, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে রবীন্দ্রনাথের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ১৮০৭ সালে এ অঞ্চলের জমিদারি পান। পরবর্তীতে ১৮৮৯ সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জমিদার হয়ে আসেন। এখানে তিনি ১৯০১ সাল পর্যন্ত জমিদারি পরিচালনা করেন। এ সময় এখানে বসেই তিনি রচনা করেন তার বিখ্যাত কাব্যগ্রন্থ সোনার তরী, চিত্রা, চৈতালী প্রমুখ।








