বগুড়ায় পুলিশ ফাঁড়িতে গিয়ে সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট পরিচয়ে প্রতারণা করায় নুর ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে শহরের সুত্রাপুর থেকে গ্রেফতার করা হয়। বগুড়া সদর থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান মিয়া ঘটনার সত্যতা নিশ্চত করেন।
নুর ইসলাম বগুড়া শহরের ফুলবাড়ি দক্ষিণপাড়ার জাহিদ হোসেনের ছেলে। তিনি শহরের সুত্রাপুর এলাকায় শ্বশুড় বেলাল হোসেনের বাড়িতে থাকেন।
বগুড়ার শহরের স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজ হাসান জানান, নুর ইসলাম বুধবার রাতে ফাঁড়িতে গিয়ে নিজেকে সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট কর্মকর্তা পরিচয় দেন। এরপর তিনি জানান, শহরতলির তিনমাথার ফেরদৌসের হোটেলের বৈধ কাগজপত্র নেই। ওই হোটেল মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে তিনি (নুর) চলে যান। এর আধাঘণ্টা পর নুর ইসলাম মোবাইল ফোনে একই কথা জানান। নুর ইসলামের কথায় সন্দেহ হলে বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করা হয়। এরপর খোঁজ নিয়ে জানা যায় তিনি সেনাবাহিনীর কেউ নন, একজন প্রতারক। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
ওসি কামরুজ্জামান মিয়া জানান, নুর ইসলাম বেকার। তিনি সেনা কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে বিভিন্ন আবাসিক হোটেলে চাঁদাবাজি করতেন। স্টেডিয়াম ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজ হাসান তার বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন। পরে নুরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।








