তীব্র তাপদাহ ও প্রখর রোদসহ গরম বাতাসে নাকাল হয়ে পড়েছে নওগাঁর জনজীবন। বেলা ১০টার পর থেকেই তাপদাহ বাড়তে থাকে। ধীরে ধীরে জনশূন্য হতে থাকে ব্যস্ত সড়ক ও বাজারগুলো। শ্রমজীবী মানুষ পড়েছে চরম বিপাকে। ধান কাটার মৌসুম হওয়ায় কৃষকদের রোদের তীব্রতা উপেক্ষা করে ধান কাটার কাজ করতে হচ্ছে। অসহনীয় গরমে পূর্ণ বয়স্করা ডায়রিয়া আর শিশুরা নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে আসছে নওগাঁ সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রওশন আরা খানম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পূর্ণ বয়স্করা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে, শিশুরা নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে নওগাঁ সদর হাসপাতালে আসছে। প্রতিনিয়ত এই রোগীর সংখ্যা বাড়ছে। এই তাপদাহ যতোদিন অব্যাহত থাকবে মানুষ এ ধরনের রোগে আক্রান্ত হবে।’
তিনি পরামর্শ দেন, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। ডাব, গ্লুকোজ পানিসহ স্বাস্থ্যসম্মত তরল খাবার গ্রহণ করতে হবে।
নওগাঁর বদলগাছী উপজেলায় অবস্থিত আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, ‘শুক্রবার (১০ মে) জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাস থাকলেও তা প্রচণ্ড গরম। এই আবহাওয়া আরও ২-৩ দিন অব্যাহত থাকবে। আগামী ১২ মের পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’








