নওগাঁ শহরের বাইপাস সড়কে পরিবহনের চাঁদা আদায়ের সময় ট্রাকের ধাক্কায় পলাশ হোসেন (৩৬) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) দুপুর ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহত পলাশ সদর উপজেলার বাইপাস সড়কের ফতেপুর ছিটকিতলা এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, পলাশ নওগাঁ জেলা মোটর শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বাইপাস সড়কের বটতলী এলাকায় পরিবহনের চাঁদা তুলছিলেন। এসময় দ্রুতগতির একটি ট্রাক পলাশকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।








