ঝিনাইদহের মহেশপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে প্রতিবেশীদের মধ্যে মারামারির ঘটনায় আলমগীর হোসেন (৩৫) নামের একজন নিহত হয়েছেন। এরপর দুই জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ মে) সকালে এই ঘটনা ঘটে।
মহেশপুর থানার ওসি রাশেদুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই গ্রামের খাস জমিতে কয়েকটি পরিবার ঘরে তুলে বসবাস করে। নিহত আলমগীরের বড় ভাই জাহাঙ্গীর হোসেন সম্প্রতি প্রতিবেশী আব্দুল মজিদের ভাগ্নে ইমরানের ঘরের সঙ্গে লাগোয়া একচিলতে জমিতে খড়ের গাদা দেন। এই নিয়ে আলমগীরের সঙ্গে আব্দুল মজিদের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মারামারির সময় আলমগীর হোসেন ঘটনাস্থলেই মারা যান।
ওসি আরও বলেন, আলমগীরের শরীরে বাহ্যিক কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর বলা যাবে। এই ঘটনায় পুলিশ প্রতিবেশী আব্দুল মজিদ ও সাহেব আলীকে আটক করেছে।








