আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নৌ চলাচল ব্যবস্থা নজরদারির অংশ হিসেবে দৌলতদিয়া ঘাট পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বুধবার (২৯ মে) বেলা ১১টার দিকে ঘাট পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, ‘দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আগে যে পরিমাণ ফেরি চলাচল করতো এখন তার সংখ্যা আমরা দ্বিগুণ করে দিয়েছি। বর্তমানে এই রুটে ২০ ফেরি চলছে। যদি আরও প্রয়োজন হয় তাহলে সেই প্রস্তুতিও আমাদের আছে। দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট ব্যবস্থাপনায় আমরা সন্তুষ্ট। আশা করি কোনও প্রকারের প্রাকৃতিক দুর্যোগ না হলে ঈদে ঘরমুখো যাত্রীরা নির্বিঘ্নে পারাপার করতে পারবেন। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিইটিসি) পক্ষ থেকে ৩৫টি জলযান কেনার প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির বাস্তবায়ন হয়ে গেলে আমাদের আর কোনও সংকট থাকবে না।’
এর আগে প্রতিমন্ত্রী পাটুরিয়া ঘাট পরিদর্শন করেন। পরে তিনি গোয়ালন্দ উপজেলা পরিষদ হল রুমে নৌ পরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আলমগীর হুছাইনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুস সামাদ, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) প্রণব কান্তি বিশ্বাস, বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমোডর এম মাহবুব উল ইসলাম, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি।








