কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর আব্দুস সালামকে ওই শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর রুহুল আমিন ভূঁইয়াকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ করা হয়েছে। এদিকে দায়িত্ব শেষ হওয়ার আগেই কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহাকে বিশেষ কর্মকর্তা হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে (মাউশি) বদলির আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বদলির এ আদেশ দেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ।
সূত্র জানায়, বর্তমান অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহার চলতি বছরের নভেম্বর মাসে অবসরে যাওয়ার কথা। শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে দুর্ব্যবহার, নারী কেলেঙ্কোরির অভিযোগে হলের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া শিক্ষককে পুনরায় কলেজের ছাত্রীনিবাসের সহকারী প্রভোস্টের দায়িত্ব প্রদান, হলসহ বিভিন্ন স্থানে বিতর্কিত ব্যক্তিদের দায়িত্ব প্রদানে একক সিদ্ধান্ত গ্রহণসহ একাধিক অভিযোগে মন্ত্রণালয় থেকে তাকে অব্যাহতি দেওয়া হয় বলে জানা গেছে।
প্রফেসর রতন কুমার সাহা ভারতে অবস্থান করায় এ বিষয়ে তার বক্তব্য জানা যায়নি। এদিকে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের নতুন দায়িত্ব পাওয়ার কথা স্বীকার করেছেন প্রফেসর আব্দুস সালাম।








