বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার (৩১ মে) সকালে ট্রাকের ধাক্কায় পারভেজ হোসেন ফটো (৪০) নামে এক অটো ভ্যানচালকের মৃত্যু হয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
নিহত ভ্যানচালক ফটো কাহালু উপজেলার পাইকর পশ্চিমপাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার সকালে নওগাঁগামী একটি কাভার্ড ভ্যান ও একটি ট্রাক ওভারটেক করছিল। এ সময় ট্রাকটি ওই অটোভ্যানে ধাক্কা দেয়। এতে চালক ফটো ছিটকে রাস্তায় পড়ে যান। পথচারীরা তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপারকে গ্রেফতার করা সম্ভব হয়নি।








