বগুড়ার কাহালুতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি (৪০) নিহত হয়েছেন। শুক্রবার (৩১ মে) রাতে কাহালু ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। শনিবার সকালে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশের ধারণা, ওই ব্যক্তি ট্রেন থেকে চাকার নিচে পড়ে যান।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কায়কোবাদ বাংলা ট্রিবিউনকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে ওই ব্যক্তি কাটা পড়ে মারা যান। শুক্রবার রাত ২টার দিকে ট্রেনটি কাহালু ডিগ্রি কলেজ এলাকা অতিক্রমের সময় এ দুর্ঘটনা ঘটে। তার শরীর থেকে মাথা, হাঁটু থেকে দুই পা ও কনুই থেকে ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।
এই পুলিশ কর্মকর্তার ধারণা, জিন্সের প্যান্ট ও শার্ট পরিহিত ওই ব্যক্তি ট্রেনের যাত্রী ছিলেন। তিনি ট্রেন থেকে পড়ে কাটা যান। শনিবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে বোনারপাড়া রেলওয়ে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।








