নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামে পুকুরে বিষ দিয়ে প্রায় ৪০ মণ মাছ নিধন করা হয়েছে। এতে দুই লাখেরও বেশি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই পুকুরের মালিক। শুক্রবার (৩১ মে) দিনগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
নীলফামারী সদর থানার উপপরিদর্শক (এসআই) মিন্টু চন্দ্র বণিক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
পুকুরের মালিক কামরুজ্জামান (৪৭) জানান, বাড়ির পাশে আড়াই বিঘা আয়তনের ওই পুকুরটির অবস্থান। শনিবার (১ জুন) সকালে মাছের খাবার দিতে পুকুরপাড়ে এসে তিনি দেখতে পান মাছ মরে পুকুরে ভেসে আছে। খবর পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এসে বিষয়টি প্রত্যক্ষ করে থানায় অভিযোগ দিতে বলেন।
তিনি বলেন, ‘কেউ শক্রতা করে শুক্রবার গভীর রাতে বিষ দিয়ে পুকুরের মাছগুলো নিধন করেছে। এ ঘটনায় সদর থানায় একটি এজাহার দায়ের করেছি।’
এ ব্যাপারে নীলফামারী সদর থানার উপপরিদর্শক (এসআই) মিন্টু চন্দ্র বণিক বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’








