পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. মনিরুজ্জামানকে বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা নারী গার্মেন্টসকর্মীদের চাপা দেওয়ায় তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। সোমবার (৩ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার সংলগ্ন চানন্দুল এলাকার ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা ওই কারখানায় কাজ করতেন। চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মনজুরুল হক এ তথ্য জানিয়েছেন।
নিহতরা হচ্ছেন– চৌদ্দগ্রামের সাতবাড়িয়া গ্রামের নাছিমা আক্তার (৩৬) এবং সদর দক্ষিণ উপজেলার জগপুর গ্রামের তানজিনা আক্তার (২৮) ও কাজল বেগম (৩২)।
আহত শ্রমিকদের কুমেক ও চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ পরিদর্শক মনজুরুল হক বাংলা ট্রিবিউনকে জানান, ফেনী পিবিআইয়ে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফেনী থেকে ঢাকায় ফিরছিলেন। বিকাল সাড়ে ৫টার দিকে চানন্দুল এলাকায় তাকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অপেক্ষমাণ নারী শ্রমিকদের চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ৮-৯ জন নারী শ্রমিক গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে নেওয়ার পর তিনজনের মৃত্যু হয়।
আহত শ্রমিকরা জানান, কারখানা ছুটি শেষে তারা গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, ওই গাড়িতে থাকা অতিরিক্ত পুলিশ সুপার, একজন পুলিশ পরিদর্শক ও দুজন কনস্টেবল সামান্য আহত হলেও বর্তমানে সুস্থ রয়েছেন।








