বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের (কোটা সংস্কার আন্দোলন) যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৩ জুন) বিকালে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
রাশেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই রেস্টুরেন্টে স্ত্রীকে নিয়ে কিছু বন্ধুবান্ধবের সঙ্গে গল্প করছিলাম। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কিছু সদস্য আমাকে শারীরিকভাবে আঘাত করেন। পরে তারা আমাকে পুলিশের হাতে তুলে দেন।’
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, ওই রেস্টুরেন্টে রাশেদের সঙ্গে কিছু লোকের কথাকাটাকাটি ও গোলযোগ হয়। পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাকে পুলিশের গাড়িতে বাসস্ট্যান্ডে পৌঁছে দেওয়া হয়।
এ বিষয়ে জানতে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’
রাশেদ ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামের নবাই বিশ্বাসের ছেলে।








