ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এখনও যানজট রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছে এ রুটে যাতায়াতরত যাত্রী সাধারণ। মঙ্গলবার (৪ জুন) সকাল থেকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। কখনও কখনও থেমে থেমে যানবাহন চলছে। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে দেখা গেছে।
এই মহাসড়ক পরিদর্শনে আসেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। এ সময় তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিরাজগঞ্জে একটি নলকা ব্রিজ রয়েছে। ওই ব্রিজের ওপর দিয়ে একটি করে গাড়ি সময় নিয়ে পার হচ্ছে। এ কারণে টাঙ্গাইলের দিকে যানজট সৃষ্টি হয়েছে। তবে ক্রমেই যান চলাচল স্বাভাবিক হচ্ছে।’
চালক ও যাত্রীরা জানান, উত্তরবঙ্গগামী যানবাহন একেবারেই বন্ধ রয়েছে। এতে নারী ও শিশুসহ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। মহাসড়কের প্রায় পুরো এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। মাঝেমধ্যে যানজট ছাড়লেও আবার গাড়ি থেমে থাকে।








