বগুড়ায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হামিদা বেগম (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার (৭ জুন) সকালে সদর উপজেলার নামুজা ইউনিয়নের ছোট টেংরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক চালক তার মোটরসাইকেল রেখে পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামিদা বেগম ছোট টেংরা গ্রামের হায়দার আলীর স্ত্রী। তিনি শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে ছোট টেংরা গ্রামে ছোট ছেলের বাড়ি থেকে হেঁটে পাশের টেংরা স্কুল এলাকায় বড় ছেলের বাড়িতে যাচ্ছিলেন। পথে ছোট টেংরা গ্রামের রাস্তায় বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল চালক তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত লাগলে ঘটনাস্থলেই হামিদা বেগম মারা যান। ঘটনার পরপরই চালক তার মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।








