পেট্রোলবোমার সঙ্গে বিএনপি ভালোভাবে পরিচিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘তারা বিগত সময়ে দেশে পেট্রোলবোমা সন্ত্রাস চালিয়ে শতাধিক মানুষ হত্যা করেছে। হাজার কোটি টাকার সম্পদ নষ্ট করেছে। বৃহস্পতিবার (৬ জুন) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পেট্রোলবোমার মতো বস্তু পাওয়া গেছে। এর সঙ্গে বিএনপির সম্পৃক্ততা আছে কিনা খতিয়ে দেখা উচিত।’
শনিবার (৮ জুন) বিকালে চট্টগ্রাম নগরীর সিরাজউদ্দৌলা রোডের দেওয়ানজী পুকুর পাড়ে নিজ বাসভবনে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। গণমাধ্যমকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতাল বা অন্য কোনও হাসপাতালে সরানোর পরিকল্পনার সঙ্গে এই ঘটনার যোগসূত্র আছে কিনা সেটিও তদন্ত করা প্রয়োজন। খালেদা জিয়া বিএসএমএমইউতে চিকিৎসা সেবা নিতে আগে থেকেই অসন্তোষ প্রকাশ করে আসছেন। তাকে সেখানে চিকিৎসা না করানোর বিষয় নিয়ে বিএনপি অনেক কিছু করেছে। এখন সেখানে পেট্রোলবোমাসদৃশ বস্তু পাওয়ার বিষয়টি তাদের কোনও পরিকল্পনা কিনা সেটাও ভাবার বিষয়। এ ব্যাপারে তদন্ত হওয়ার প্রয়োজন আছে। তদন্তে সঠিক তথ্য বেরিয়ে আসবে।’
ঈদের দিন খালেদা জিয়ার সঙ্গে নেতাকর্মীদের দেখা করতে না দিয়ে কারা কর্তৃপক্ষ জেল কোড অমান্য করেছে– বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘এখানে জেল কোড অমান্যের প্রশ্ন অবান্তর। পবিত্র ঈদুল ফিতরের দিন খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সাতজন সদস্য দেখা করেছেন। ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। তারা সেখানে অনেকক্ষণ ছিলেন।’
আরও পড়ুন: বিএসএমএমইউ’র ভেতর থেকে ‘বোমাসদৃশ বস্তু’ উদ্ধার








