বাগেরহাটে একাধিক যুদ্ধাপরাধ মামলার সাক্ষী ও মুক্তিযোদ্ধা লুৎফর রহমান নকীবকে (৬৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকালে বাগেরহাট সদর উপজেলার অর্জুনবহর গ্রামে এই ঘটনা ঘটে। আহত মুক্তিযোদ্ধাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) আহত মুক্তিযোদ্ধা লুৎফর রহমান নকীব নিজে বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, লুৎফর রহমান মোরেলগঞ্জ উপজেলার বৌলতলি গ্রামের মৃত ইউছুপ আলী নকিবের ছেলে। তিনি শান্তি কমিটির প্রতিষ্ঠাতা মাওলানা একেএম ইউছুপ (মৃত), সিরাজ মাস্টার, আকরাম খানসহ বেশ কয়েকজন রাজাকারদের বিরুদ্ধে দায়ের করা যুদ্ধাপরাধ মামলার সাক্ষী।
মঙ্গলবার সন্ধায় আহত মুক্তিযোদ্ধা লুৎফর রহমান নকীব সাংবাদিকদের জানান, সোমবার বিকালে তিনি অর্জুন বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পাশে নদীর ওপর সাঁকোর কাছে পৌঁছালে বৌলতলি গ্রামের সরোয়ার সিকদারের নির্দেশে জিয়া শিকদারের নেতৃত্বে ৬-৭ জন সন্ত্রাসী তার গতিরোধ করে। এসময় জীবন বাঁচাতে তিনি দৌড়ে পার্শ্ববর্তী শহিদ শেখের বাড়িতে আশ্রয় নেন। সেখানে গিয়ে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় তিনি বাগেরহাটের পুলিশ সুপারকে ফোন করলে সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে।
তার অভিযোগ, যুদ্ধাপরাধ মামলায় সাক্ষী দেওয়ায় এরআগেও সন্ত্রাসীরা তাকে নানাভাবে হুমকি দিয়েছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, যুদ্ধাপরাধ মামলার সাক্ষী মুক্তিযোদ্ধা লুৎফর রহমান নকীবকে মারপিটের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আটকের চেষ্টা চলছে।








