কাজ করতে গিয়ে সেপটিক ট্যাংকের ভেতরে আটকা পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লার জাহাঙ্গীর আলমের নির্মাণাধীন বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- সাভারের ছায়াবীথি মহল্লার বাসিন্দা খোকন (৫৫) ও আশুলিয়ার কুটুরিয়া এলাকার সোহেল (৪৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাভারের মজিদপুর মহল্লায় একটি নির্মণাধীন ভবনের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। তাদের মধ্যে খোকন বিকালের দিকে ওই ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করে ঢালাই কাজে ব্যবহৃত বাঁশ বের করছিলেন। তবে বেশ কিছু সময় খোকনের কোনও সাড়া-শব্দ না পেয়ে সোহেল নামের অপর এক শ্রমিকও ওই সেপটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। পরে সোহেলও ভেতরে আটকা পড়েন। এসময় বাড়ির মালিক ঘটনাস্থলে পৌঁছে সাভার মডেল থানায় বিষয়টি অবহিত করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল সেপটিক ট্যাংকের ভেতরে আটকা পড়া দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে।
তবে সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আবু সায়েদ পেয়াল বলেন, ‘নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’








