দিনাজপুরে একজন প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই নারী নিজেই বাদী হয়ে একজনকে আসামি করে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।
এজাহার থেকে জানা যায়, ১১ জুন সকাল ১০টার দিকে ওই প্রতিবন্ধী নারী গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে যান। ১১টার দিকে ঝড়-বৃষ্টি এলে তিনি পার্শ্ববর্তী কামারখোড়া নামক স্থানে সেঁচপাম্পের ঘরে প্রবেশ করেন। এসময় সদর উপজেলার কালিকাপুর (সরকারপাড়া) এলাকার আজগার আলীর ছেলে মাজেদুল ইসলাম (২৭) ওই ঘরে ঢুকে ওই নারীকে ধর্ষণ করে। এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেয়। কিন্তু গরুসহ বাড়িতে ফিরে ওই নারী তার স্বামী ও এলাকাবাসীকে পুরো ব্যাপারটি জানায়।
এ ব্যাপারে দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (ওসি) রেদওয়ানুর রহিম জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে ওই নারী একটি এজাহার দিয়েছেন যেটি মামলা হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। ঘটনার শিকার ওই নারীকে পরীক্ষার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।








