ঠাকুরগাঁওয়ে যৌন হয়রানির প্রতিবাদ করায় বখাটে ভাতিজার ছুরিকাঘাতে আহত তানজিনা আক্তারের (২০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শহরের গ্রামীণ চক্ষু হাসপাতালের সেবিকা (নার্স) তানজিনা। তার বাড়ি সদর উপজেলার সালন্দর ইউনিয়নের মাদ্রাসাপাড়ায়।
গত ২০ জুন, সকালে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে, বুকে ও হাতে এলোপাতাড়ি কোপাতে থাকে জীবন নামে স্থানীয় এক বখাটে। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে পরদিন তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিহত তানজিনা আক্তারের বাবা হামিদ আলী অভিযোগ করে বলেন, ‘বখাটে জীবন প্রতিদিন এলাকার বিভিন্ন মেয়েদের উত্ত্যক্ত করতো। ভুক্তভোগী স্কুলগামী ছাত্রীরা আমার মেয়েকে অভিযোগ করে। পরে আমার মেয়ে সন্ত্রাসী জীবনকে শাসন করে। এরই জের ধরে সে আমার মেয়েকে ছুরিকাঘাত করে।’
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, জীবনসহ পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে। তাকে ওইদিনই গ্রেফতার করা হয়। পুলিশ শিগগিরই ৩০২ ধারায় এ মামলার চার্জশিট দাখিল করবে।








