নড়াইল সদর উপজেলার শিমুলিয়া গ্রামে প্রেমের সম্পর্কে বাধা দেওয়ায় লাঠির আঘাতে আহত রেজাউল ইসলাম মোল্যা (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত রেজাউল ওই গ্রামের বাবুল মোল্যার ছেলে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, ফুফুর প্রেমের সম্পর্কে বাধা দেওয়ায় বুধবার রাতে প্রেমিক বাছের মোল্যা লাঠি দিয়ে পিটিয়ে রেজাউলকে গুরুতর জখম করে। আহত রেজাউলকে হাসপাতালে ভর্তির পর বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি মারা যান। পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাছের মোল্যাকে (৫০) আটক করেছে।
কলোড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম নবী জানান, বুধবার (২৬ জুন) রাত ৯টার দিকে যশোরের অভয়নগর উপজেলার কামকুল গ্রামের সোনা মোল্যার ছেলে বাছের মোল্যা (৫০) গোপনে শিমুলিয়া গ্রামের সোহরাব মোল্যার মেয়ে রকি বেগমের (৪০) সঙ্গে দেখা করতে আসে। ঘটনাটি রুকির ভাইয়ের ছেলে রেজাউল টের পায়।
এ নিয়ে বাছের মোল্যার সঙ্গে রেজাউলের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বাছের লাঠি দিয়ে রেজাউলের মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে রেজাউলকে নড়াইল সদর হাসপাতাল এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় বিছালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবু জাফর জানান, ঘটনার সঙ্গে জড়িত বাছের মোল্যাকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।








