সংবাদ প্রকাশের জের ধরে দুই সাংবাদিককে দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে নোটিশ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন টাঙ্গাইলে কর্মরত সাংবাদিকরা। শনিবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ মহবত হোসেন, দফতর ও পাঠাগার সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন প্রমুখ। বক্তারা বলেন, দ্রুত ওই চিঠি প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলন করা হবে। যারা এ ধরনের চিঠি দিয়েছেন তাদের শাস্তির দাবি জানান সাংবাদিকরা।
সম্প্রতি পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান ও দুদকের তদন্ত কর্মকর্তা বাছিরের ঘুষ কেলঙ্কারি নিয়ে সংবাদ প্রচার ও প্রকাশিত হয়। এর জের ধরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাধারণ সম্পাদক ও বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিবেদক দীপু সারোয়ার এবং প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক ও বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার ইমরান হাসান সুমনকে দুদকে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়। নোটিশে দীপু সারওয়ারকে কার্যালয়ে না হাজির হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার (২৫ জুন) সাংবাদিক দীপু সারোয়ারকে দেওয়া দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যা স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে ডিআইজি মিজানুর রহমানের কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ প্রসঙ্গে আপনার সাক্ষ্যগ্রহণ ও শ্রবণ একান্ত প্রয়োজন। যদিও বাংলা ট্রিবিউন এ ধরনের সংবাদ আদৌ প্রকাশ করেনি। তবে, গত ২৩ জুন “লন্ডন প্রবাসী দয়াছের অডিও সংলাপে দুদকের ওরা কারা?” শিরোনামে একটি প্রতিবেদন বাংলা ট্রিবিউনে প্রকাশিত হয়। নোটিশের শেষ অংশে বলা হয়েছে, ‘উল্লিখিত অভিযোগের বিষয়ে আগামী ২৬/০৬/২০১৯ খ্রি: তারিখ ১০.৩০ ঘটিকায় নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে উপস্থিত হয়ে বক্তব্য প্রদানের জন্য আপনাকে অনুরোধ করা হল। অন্যথায় আইনানুগ কার্যধারা গৃহীত হবে।’








