জুলাইয়ের প্রথম সপ্তাহেই চালু হচ্ছে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে তিতাস নদীর ওপর নির্মাণাধীন দ্বিতীয় শাহবাজপুর সড়ক সেতু। এর ফলে জরাজীর্ণ সেতুর ওপর দিয়ে চলাচল করা মানুষদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে। শনিবার (২৯ জুন) ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সহকারী প্রকৌশলী জাহিদুর রহমান এ তথ্য জানান।
ব্রাহ্মণবাড়িয়ার লোকাল বাসচালক সন্তোষ দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটি সেতুর কারণে আমাদের পরিবহন ব্যবসা লাটে ওঠার উপক্রম হয়েছিল। যাত্রীদের পাশাপাশি পরিবহন চালকরাও ভোগান্তিতে ছিলাম।’
যাত্রী প্রভাষক রানা সাহা বলেন, ‘আমরা প্রতিনিয়ত এই সেতুর উপর দিয়ে যাতায়াত করে থাকি। বিভিন্ন সময় দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকতে হয়। চরম ভোগান্তিতে ছিলাম। এখন শুনছি সেতুটি নাকি দ্রুত যানবাহন চলাচলের জন্য খুলা দেওয়া হচ্ছে। জেনে খুব খুশি হয়েছি।’
শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব আহমেদ বলেন, ‘চলতি মাসের ১৮ জুন সেতুর একাংশের রেলিং ভেঙে তিতাস নদীতে পড়ে যাওয়ার পর টানা ছয় দিন সেতুটির ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। কিন্তু আমরা সড়ক বিভাগের মাধ্যমে জানতে পেরেছি সেতুটি শীগ্রই খুলে দেওয়া হবে।’
সওজের সহকারী প্রকৌশলী জাহিদুর রহমান জানান, সেতুটির ইতোমধ্যে প্রায় ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। সেতুটির দৈর্ঘ্য ২১৯ মিটার, প্রস্থ ১৪ মিটার। নির্মাণব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি ১৩ লাখ টাকা। নির্মাণকাজ শুরু হয় ২০১৭ সালের ১০ জুলাই। চলতি বছরের ৯ জানুয়ারি সেতুটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল।








