খুলনা মহানগরীর রায়ের মহলের বাঙালবাড়ি এলাকায় ৯ মাসের শিশু মেহেবের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ শিশুটির মা শ্রাবণীকে (২২) আটক করেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।
মহানগরীর হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘শ্রাবণী মানসিক ভারসাম্যহীন। সে বঁটি দিয়ে নিজ শিশুপুত্র মেহেবকে জবাই করে। মেহেবের বাবা জামাল হোসেন ঢাকার এস এস ট্রেডিং কোম্পানির খুলনা অফিসে এস আর (সরবরাহকারী) হিসেবে কর্মরত। এ হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। একই সঙ্গে মা শ্রাবণীকে আটক করে।’
পুলিশ জানায়, মেহেবের লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের চাচা সুমন বাদী হয়ে হরিণটানা থানায় মামলা করেছেন। তাতে আসামি হিসেবে মা শ্রাবণীর নাম উল্লেখ করা হয়েছে।








