ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি মামলার একমাত্র আসামি অধ্যক্ষ সিরাজ উদ দৌলার উপস্থিতিতে তার বিরুদ্ধে অভিযোগপত্রের ওপর শুনানি আজ বৃহস্পতিবার (৪ জুলাই) অনুষ্ঠিত হবে। ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাকির হোসাইনের আদালতে এই শুনানি হবে। মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মোহাম্মদ শাহ আলম ও মামলার বাদীপক্ষের আইনজীবী এম শাহজাহান সাজু এই তথ্য জানিয়েছেন। এর আগে বুধবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা ওই আদালতে অভিযোগপত্র জমা দেন।
এ মামলার পর ওই সময় নুসরাত ফেনীর বিচারিক হাকিম আদালতে ওই ঘটনার জবানবন্দি দিয়েছিলেন। সেই জবানবন্দিতে দেওয়া তথ্যে জানা গেছে, ২৭ মার্চ বেলা পৌনে ১১টার দিকে মাদ্রাসার পিয়ন নুরুল আমিনকে দিয়ে আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে অধ্যক্ষের অফিস কক্ষে ডেকে পাঠানো হয়। রাফির সঙ্গে তার দুই বান্ধবী নাসরিন সুলতানা ও নিশাত সুলতানাও অধ্যক্ষের কক্ষের সামনে যান। অধ্যক্ষ সিরাজ তখন নুসরাতের দুই বান্ধবীকে ভেতরে ঢুকতে দেননি। নুসরাত একাই অধ্যক্ষের কক্ষে ঢোকেন। সেখানে নুসরাতের গায়ে হাত দেওয়াসহ তাকে যৌন হয়রানি করেন অধ্যক্ষ সিরাজ। একপর্যায়ে নুসরাত অধ্যক্ষের কক্ষ থেকে বের হয়ে কাঁদতে কাঁদতে শ্রেণিকক্ষে যান।’
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম বলেন, ‘এই মামলায় দুই ম্যাজিস্ট্রেটসহ ২৯ জনকে সাক্ষী করা হয়েছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে নুসরাতকে আগুনে পুড়িয়ে মারার যোগসূত্র থাকার কারণে সাক্ষী নুসরাতের দুই বান্ধবী নাসরিন সুলতানা ও নিশাত সুলতানা, মাদ্রাসার পিয়ন নুরুল আমিন ও নাইটগার্ড মো. মোস্তফার ১৬৪ ধারায় জবানবন্দি এবং হত্যা মামলায় অভিযুক্ত অধ্যক্ষ সিরাজ উদ দৌলা, শাহাদাত হোসেন শামীম ও নুর উদ্দিনের ১৬৪ ধারায় আদালতে দেওয়া জবানবন্দি, মৃত্যুর আগে নুসরাতের দেওয়া জবানবন্দিসহ কিছু তথ্য ব্যবহার করা হবে ।’
প্রসঙ্গত, ৬ এপ্রিল সকালে নুসরাত পরীক্ষা দিতে গেলে তাকে ডেকে মাদ্রাসার প্রশাসনিক ভবনের ছাদে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ১০ এপ্রিল রাত ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান। নুসরাতের মায়ের করা যৌন হয়রানির মামলা ও নুসরাতের ভাইয়ের করা হত্যা মামলা দুটি তদন্ত করে পিবিআই আদালতে চার্জশিট দাখিল করেছে। ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে।
আরও পড়ুন: নুসরাতকে যৌন হয়রানির মামলা: অধ্যক্ষ সিরাজকে আসামি করে আদালতে চার্জশিট








