সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গাইবান্ধার জুম বাংলাদেশ স্কুলে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকালে শহরের রেলস্টেশন সংলগ্ন জুম বাংলাদেশ স্কুল চত্বরে এ উৎসবের আয়োজন করে এভারগ্রিন জুম বাংলাদেশ ফাউন্ডেশন। উৎসরে জুম বাংলাদেশ স্কুলের প্রায় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশু অংশ নেয়।
আম, জাম, আনারস, কাঁঠাল, পেয়ারা, তরমুজ, লটকন, কলা, জাম্বুরাসহ দেশি বিভিন্ন সুস্বাদু ফল দিয়ে সাজানো হয় এ উৎসব। এতে অংশ নেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়। অনুষ্ঠানে দেশি ফলের গুণাগুণ নিয়ে আলোচনা করেন গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান।
জুম বাংলাদেশ স্কুলের সমন্বয়ক মেহেদী হাসান জানান, ঝরে পড়া, সুবিধাবঞ্চিত ও হরিজন শিশুদের প্রিয় পাঠশালা হয়ে উঠছে জুম বাংলাদেশ স্কুল। শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দিতে গত এক বছর ধরে পরিচালিত হচ্ছে স্কুলটি। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সপ্তাহে দু’দিন স্বেচ্ছাশ্রমে অর্ধশতাধিক শিশুদের পাঠদান করে থাকেন। এসব শিশুদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার উদ্দেশে কাজ করে যাচ্ছেন তারা।








