ঠাকুরগাঁওয়ে মাহিন্দ্র ট্রলির ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার (৬ জুলাই) বিকেল ৫টার দিকে পীরগঞ্জ উপজেলার ঠাকুরগাঁও-পীরগঞ্জ প্রধান সড়কের লোহাগাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম অলকা রাণী (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রড ভর্তি একটি ট্রাক্টর পীরগঞ্জ থেকে ঠাকুরগাঁও জেলা শহরের দিকে যাচ্ছিল। লোহাগাড়া বাজার এলাকা অতিক্রম করার সময় রাস্তার একটি সাইকেলে রডের ধাক্কা লাগে। এতে সাইকেলে বসে থাকা অলকা রাণী (৫০) নামক এক মহিলা পড়ে গিয়ে ট্রলির চাকায় পিষ্ঠ হন। ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়।
তার বাড়ি পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের পাটকিয়া গ্রামে।
প্রত্যাক্ষদর্শীরা আরও জানান, স্থানীয় জনগণ ট্রলি চালককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
এবিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) বজলুর রশীদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সকালে জেলার খোচাবাড়ি এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে খেজমত আলী (৩৫) নামে এক প্রকৌশলী নিহত হন। তিনি রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার দেহনি গ্রামের হাসান আলীর ছেলে। ঢাকায় আকিজ গ্রুপে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন তিনি।








