ভোলা সদরের রাজাপুর ইউনিয়নেi ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে মো. সুজন (১৮) নামের এক তরুণকে আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাসনাত খান। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে শ্যামপুর গ্রাম থেকে ওই যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দিয়ে দুপুরে জেল হাজতে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন ভোলা জেলার প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১৩) স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত শ্যামপুর গ্রামের মো. কামালের ছেলে সজিব (১৮)। ওই ছাত্রীর অটোরিকশা চালক পিতা স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিদের কাছে এ বিষয়ে অভিযোগ করেও কোনও সমাধান পাননি। উল্টো সজিব তার অটোরিকশায় গাঁজা ও ইয়াবা রেখে ফাঁসানো ও মেয়েকে তুলে নেওয়ার হুমকি দেয়। এরপর ভয়ে মেয়ের স্কুলে যাওয়া বন্ধ করে দেন তিনি।
এই ঘটনার পর শনিবার দুপুরে ওই স্কুলছাত্রীর বাবা ভোলার জেলার প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক ও জেলায় কর্মরত সাংবাদিকদের লিখিতভাবে বিষয়টি জানান।
এরপর রবিবার সকালে জেলা প্রশাসক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দিয়ে ওই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেন।








