গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দুই যুগের একটি পুরনো রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে কলেজ শিক্ষক অরবিন্দ চন্দ্রের বিরুদ্ধে গাছ রোপণ ও খুঁটি পুঁতে রাস্তাটি বন্ধ করার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। রাস্তা বন্ধ হওয়ায় গত এক সপ্তাহ ধরে ১০-১২টি পরিবারকে দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হচ্ছে বলে থানায় অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. মতিউর রহমান জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। এছাড়া উভয় পক্ষকে নিয়ে বসে সমাধানের চেষ্টা চলছে।
তবে ভুক্তভোগীদের পক্ষ থেকে বলা হয়, ১ জুলাই পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করা হলেও ঘটনার সমাধানে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। উল্টো অভিযুক্ত অরবিন্দু চন্দ্র ও তার লোকজন বিভিন্ন হুমকি দিচ্ছে।
অভিযোগ থেকে জানা যায়, পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়নের রাঙামাটি গ্রামের মৃত কিনু রাম চন্দ্রের ছেলে সুবল চন্দ্র গংদের সঙ্গে প্রতিবেশী মৃত অর্জুন চন্দ্রের ছেলে পলাশবাড়ী এমএ সামাদ কারিগরি কলেজের শিক্ষক অরবিন্দু চন্দ্র গংদের বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব ও বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ১ জুলাই সকালে শিক্ষক অরবিন্দুর নেতৃত্বে তার লোকজন বিভিন্ন গাছ লাগিয়ে ও বেড়া দিয়ে চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেন। এতে বাধা দিলে অরবিন্দু ও তার লোকজন সুবল গংদের ওপর হামলা করে। এতে সুবলসহ তার পরিবারের কয়েকজন গুরুতর আহত হয়। এসময় আহতদের চিকিৎসা নিতে বাধা দিয়ে অবরুদ্ধ করে রাখে অরবিন্দু ও তার লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে। আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়।
ভুক্তভোগী সুবল চন্দ্র বলেন, ‘দুই যুগের পুরনো রাস্তা দিয়ে ১০-১২টি পরিবারের লোকজন যাতায়াত করতো। কিন্তু হঠাৎ করে শত্রুতার জেরে অরবিন্দু ও তার লোকজন রাস্তাটিতে গাছ লাগায় এবং বাঁশের খুঁটি পুঁতে গাছের বেড়া তৈরি করে রাস্তা বন্ধ করে দেয়। এতে গত আট দিন ধরে চরম দুর্ভোগের মধ্য দিয়ে চলাফেরা করতে হচ্ছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ঘটনার দিনই পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করেছি। কিন্তু এখনও কোনও সমাধান হয়নি।’
এদিকে, বিষয়টি জানতে অভিযুক্ত অরবিন্দু চন্দ্রের বাড়িতে গিয়েও তার দেখা মেলেনি। তবে বাড়িতে থাকা পরিবারের কয়েকজন নারী রাস্তা দখলের অভিযোগ অস্বীকার করে জানান, ওই জমি তাদের হওয়ায় গাছ রোপণ করে দখলে নিয়েছেন।








