নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যানবাহন থেকে চাঁদাবাজি করার সময় দুই পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার সন্ধ্যায় উপজেলার কাজী ফজলুল হক উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজের সামনে থেকে র্যাব-১১ এর একটি টিম তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে দর্পণ পাটোয়ারী (৪৫) ও আফসার উদ্দীন (৩৬)। র্যাব তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৭ হাজার ৯শ’ টাকা উদ্ধার করে। এ ঘটনায় র্যাব-১১ এর নায়েব সুবেদার আব্দুল আজিজ বাদী হয়ে ৪ জনকে আসামি করে রবিবার (৭ জুলাই) দুপুরে সোনারগাঁও থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছে।
র্যাব ১১ এর সূত্রে জানা গেছে, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে সোনারগাঁওয়ের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় উপজেলার প্রধান সড়কে চলাচলরত ট্রাক, সিএনজি, অটোরিকশা ও চৌরাস্তায় ফুটপাতে ক্ষুদ্র ব্যবসায়ীদের ভয়ভীতি ও হুমকি দিয়ে গাড়ি প্রতি ৫০ থেকে ৩০০ টাকা করে চাঁদা আদায় করে আসছে। কেউ চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধরসহ জীবননাশের হুমকি দিচ্ছে তারা। র্যাব-১১ এর একটি টিম এ সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালায়। এসময় চৌরাস্তা সংলগ্ন কাজী ফজলুল হক উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজের সামনে সিএনজি বেবিট্যাক্সিতে চাঁদাবাজির সময় দর্পণ পাটোয়ারী ও আফসার উদ্দিনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় খোকন ও আমির নামের অপর দুই চাঁদাবাজ পালিয়ে যায়।
গ্রেফতার হওয়া দর্পণ পাটোয়ারী উপজেলার হাবিবপুর গ্রামের মৃত সিরাজ পাটোয়ারীর ছেলে ও আফসার উদ্দীন একই এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে।
সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, এ ঘটনায় র্যাব-১১ বাদী হয়ে চাঁদাবাজির মামলা দায়ের করেছে।








