ভারী বর্ষণের ফলে আগামী ২৪ ঘণ্টায় পার্বত্য জেলা রাঙামাটিতে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। তাই যেকোনও দুর্ঘটনা এড়াতে পাহাড়ের পাদদেশে ও কাপ্তাই হ্রদের তীরবর্তী স্থানে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সর্তক থাকা ও আশ্রয়কেন্দ্রে নিরাপদ আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক।
রবিবার (৭ জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই আহ্বান জানান রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।
তিনি লিখেছেন, ‘এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণের ফলে রাঙ্গামাটি পার্বত্য জেলায় পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। এমতাবস্থায়, পাহাড়ের পাদদেশে ও কাপ্তাই লেকের তীরবর্তী স্থানে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত পরিবারসমূহকে সতর্ক থাকার জন্য এবং পার্শ্ববর্তী নিরাপদ স্থানে অথবা আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।’
এ জন্য বিকালে রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।
রাঙামাটি জেলা প্রশাসনের সূত্র মতে, পাহাড়ধসে প্রাণহানি ঠেকাতে এবছর রাঙ্গামাটি শহরের ৩৩টি স্থানকে ঝুঁকিপূর্ণ এলাকা বলে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকির কথা জেনেও এসব এলাকায় বসবাস করছে অন্তত ৬২৯টি পরিবার।








