বাগেরহাটের মোরেলগঞ্জে ২৫০ পিস ইয়বাসহ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ দুই জনকে আটক করেছে র্যাব। সোমবার (৮ জুলাই) বিকালে মোরেলগঞ্জ সদর বাজারের রহিমা মোমোরিয়াল হাসপাতালে র্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন- মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পৌর সদরের আব্দুল কাদের ফরাজীর ছেলে ইব্রাহিম ফরাজী (২৯) ও গোয়াল বাড়িয়া গ্রামের লাভলু শেখের ছেলে নাইম শেখ (১৮)।
অভিযানে নেতৃত্বদানকারী র্যাব-৬ এর কোম্পানি (সিপিএসসি) কমান্ডার মেজর শামীম সরকার বলেন, ক্রেতা সেজে র্যাবের বিশেষ টিমের সদস্যরা ইব্রাহিম ফরাজী ও নাইমকে আটক করে। র্যাব সদস্যরা তাদের থেকে তিনশ’ পিস ইয়াবা কেনার জন্য সকাল থেকেই মোরেলগঞ্জে অবস্থান করছিলেন। পরে তাদের বিভিন্ন জায়গা ঘুরিয়ে রহিমা মেমোরিয়াল হাসপাতালের ভেতরে নিয়ে ২৫০ পিস দিতে রাজি হলে হাতেনাতে তাদেরকে আটক করা হয়।
র্যাব সদস্যরা পরে ওই হাসপাতালে বিভিন্ন কক্ষ তল্লাশি করে কিছু ফেন্সিডিলের খালি বোতল পান। হাসপাতলটিতে দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবার নামে মাদক ব্যবসা চলছে বলেও র্যাব কর্মকর্তারা জানান। আটক ছাত্রলীগ নেতা ইব্রাহিম ফরাজী এই হাসপাতালের একজন মালিক ও পরিচালক।







